রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ১১:৩৭ পিএম

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

ছবি - সংগৃহীত

সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।দলটির মতে, তার এই পদত্যাগ কেবল একটি নিরাপদ প্রস্থান নিশ্চিত করার কৌশল মাত্র।শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। 

তিনি বলেন, পদত্যাগপত্রে অসুস্থতার যে কারণ দেখানো হয়েছে তা বাস্তবসম্মত নয় এবং এর মাধ্যমে মূল দায়িত্ব ও অপরাধ থেকে দায় এড়ানোর সুযোগ তৈরি করা হচ্ছে। কোনো অবস্থাতেই তাকে নিরাপদে দেশ ছাড়ার বা সরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।আখতার হোসেন সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে কঠোর সমালোচনা করে তাকে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে অভিহিত করেন। 

তিনি স্পষ্ট করে জানান, চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সাহাবুদ্দিনের বিরুদ্ধে অবিলম্বে বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। রাষ্ট্রীয় দায়িত্বে থাকার সময় সাংবিধানিক সুরক্ষার কারণে আইনি পদক্ষেপ নেওয়া না গেলেও পদত্যাগের পর সেই দায়মুক্তির অবকাশ আর নেই।তাই বর্তমান সরকারের প্রতি অবিলম্বে তাকে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত ও বিচার সম্পন্ন করার জোরালো আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলটি।