জুলাই ২৫, ২০২৬, ০৮:১৮ পিএম
সিলেটে ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়েছে।শনিবার এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, জনগণ পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে এবং সত্তর শতাংশ মানুষের এই রায় কোনোভাবেই অবমূল্যায়ন করতে দেওয়া হবে না।
তিনি বর্তমান সরকারকে সতর্ক করে বলেন, ভালোয় ভালোয় গণভোটের রায় মেনে নিতে হবে এবং কোনো ধরনের ধানাই-পানাই সহ্য করা হবে না। একই সঙ্গে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, ছয় লেনের রাস্তা নির্মাণ এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান।সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন শেষে সংস্কার কাজ পাশ কাটিয়ে যাওয়া হলে তা বরদাশত করা হবে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করা হলে বর্তমান সরকারের পরিণতিও ফ্যাসিস্টদের মতো হবে। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম সরকারের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, চাটুকারদের বাদ দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে এবং সংসদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার দ্রুত পাস করতে হবে।১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।জনগণের অধিকার আদায়ে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন