রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী: নুরুল হক নুর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ১১:১৫ এএম

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী: নুরুল হক নুর

ছবি : সংগৃহীত

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন যে জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তার মতে, ইসলাম ধর্মের কোনো ঠিকাদার এই দলটি নয়। বরং তারা বর্তমানে বিভিন্ন ভুয়া ফটোকার্ড ও ভিডিও তৈরি করে সরকারি দল ও জোটের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।গত সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক ওই অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেন নুর। তিনি জানান, টানা ১৭ বছরের ফ্যাসিবাদের পতনের পর বর্তমান সরকার এখনো ছয় মাসও পূর্ণ করেনি। এর মধ্যেই নতুন করে সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়াকে দেশের সাধারণ জনগণ মোটেও ভালোভাবে নিচ্ছে না। যদি বর্তমান সরকার দায়িত্ব ছেড়ে দেয়, তবে রাষ্ট্র কে চালাবে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, চলমান ভূরাজনৈতিক সংকটের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিএনপি ছাড়া এই মুহূর্তে অন্য কোনো বিকল্প নেই।

একই সঙ্গে রাজনৈতিক দল এনসিপি-কে বর্তমান রাজনীতির বিষফোঁড়া হিসেবে আখ্যায়িত করেছেন এই প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, নিজেদের বুদ্ধি বা শক্তিতে নয়, বরং আন্দোলনের শেষ পর্যায়ে একটি বিদেশি গোষ্ঠীর মদদে তারা পরিচালিত হচ্ছে। এখন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করার মাধ্যমে তারা ফায়দা লুটতে চাইছে। দেশের ভবিষ্যৎ সংকট এড়াতে বিরোধী দলে থাকা এনসিপি-কে আগে রাজনীতি শেখার এবং তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা জানান তিনি।