আগস্ট ৬, ২০২৬, ০৩:৪৯ পিএম
সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, ভূতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে নীলফামারীতে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার সকালে স্থানীয় আল হেলাল একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্থানীয় সাধারণ মানুষের চরম দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জোটের নেতারা।স্মারকলিপিতে বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো ওই স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুতের খাতের বিভিন্ন অনিয়ম তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য রাখেন নীলফামারী চার আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।এই বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নীলফামারীর বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সমমনা দলগুলোর সমন্বয়ে গঠিত ১১ দলীয় ঐক্যের নেতারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, কর্মপরিষদ সদস্য ও পৌর মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, আব্দুল কাদিম ও কাজী আব্দুল মালেক।
এছাড়াও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফা শাহ, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী এবং এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন