বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির কৃত্রিম সংকট তৈরি করেছে: নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ০৪:৫৩ পিএম

সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির কৃত্রিম সংকট তৈরি করেছে: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ে গঠিত এই জোটের কর্মসূচি চলাকালে পুলিশের বাধার মুখে তারা সচিবালয়ের সামনে কিছু সময় অবস্থান নেন। এ সময় সরকারের বিরুদ্ধে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গের কঠোর অভিযোগ তোলেন জোটের নেতারা।

অবস্থান কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন যে সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির কৃত্রিম সংকট তৈরি করেছে।সচিবালয়ের সামনে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম দাবি করেন যে বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পর গত পাঁচ মাসে জনগণের সঙ্গে করা একের পর এক ওয়াদা ভঙ্গ করেছে। গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা এবং জুলাই সনদ এখনও বাস্তবায়ন না করার তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়া গ্যাস ও বিদ্যুতের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদা মেটাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে না পারার ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি।

এর আগে জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন। পুলিশের বাধায় সচিবালয় অভিমুখে পদযাত্রা আটকে যাওয়ার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হলে আন্দোলন আরও বেগবান করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রসঙ্গত, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের সুনির্দিষ্ট দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। রাজপথের এই আন্দোলন থেকে সরকারের বিরুদ্ধে জনমত আরও সংহত করার পরিকল্পনা রয়েছে বলে জোটের নেতারা জানান।