বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ১১:৩৭ পিএম

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

ছবি : সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলের কাছে ছয় মাসের পরিকল্পনা চেয়ে প্রধানমন্ত্রীর দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।বিরোধী দলের পক্ষ থেকে আগেই সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব পেশ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মিলিয়ে ইতিমধ্যে মোট পনেরো দফা সমাধান প্রস্তাব দিয়েছেন। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর দল বা উপদেষ্টা পরিষদ সেই প্রস্তাব না পড়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। বর্তমান প্রশাসন ও মন্ত্রীদের কার্যকারিতা এবং যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

বিদ্যুৎ সংকট নিরসনে মার্চেন্ট পাওয়ার পলিসি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এই নীতি বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় কোষাগার থেকে এক টাকাও খরচ না করেই বেসরকারি উৎপাদকরা সরাসরি শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। 

ছয় মাসের মধ্যে সরকার এটি বাস্তবায়নে ব্যর্থ হলে তা সক্ষমতার ব্যর্থতা হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করেন তিনি।গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার জবাবদিহি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এনসিপির এই নেতা।