শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

সরকারের ছয় মাসে চরম ব্যর্থতার অভিযোগ বিরোধী দলের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ০১:০৫ এএম

সরকারের ছয় মাসে চরম ব্যর্থতার অভিযোগ বিরোধী দলের

ছবি : সংগৃহীত

বর্তমান সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমে দেশ পরিচালনায় চরম ব্যর্থতার অভিযোগ তুলেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধী দলের নেতারা মনে করছেন, সরকার গণভোটের রায় অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে এক ধরণের প্রতারণা করেছে। সর্বত্র দলীয়করণ, চাঁদাবাজি রোধে ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন তারা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো গণভোটের রায়কে সরাসরি অস্বীকার করা। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলা, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ এবং দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। দেশজুড়ে চরম নৈরাজ্য বিরাজ করছে দাবি করে তিনি অবিলম্বে চলমান সংকট সমাধানে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ জানান, ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে সরকার একটি হযবরল অবস্থার মধ্যে রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে নজিরবিহীন দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবর্তন এখনো দৃশ্যমান নয়। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং জাগপা চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধানও সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন।

তবে এই সমালোচনার মাঝেও সরকারের কিছু ইতিবাচক দিক তুলে ধরেছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদামাটা জীবনযাপন এবং কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ প্রশংসনীয়। সার্বিক দিক বিবেচনায় বিরোধী দলগুলো সরকারের গতি ও অগ্রগতিতে হতাশা প্রকাশ করে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।