বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ০৭:০১ পিএম

গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

বিএনপি সরকারের ছয় মাসের শাসনামলে দেশে ধীরে ধীরে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই সংকট উত্তরণে সাংবাদিক ও রাজনৈতিক দলসহ সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীতে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমান পরিবেশ কতদিন টিকে থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক পন্থায় প্রতিবাদ বা দাবি জানালে সেটিকে হঠকারিতা বলা হচ্ছে এবং বাস ভাঙচুরের মতো ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। ভবিষ্যতে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে কঠোরভাবে দমানোর কোনো পরিস্থিতি তৈরি হলে তা গণতন্ত্রের জন্য চরম উদ্বেগজনক হবে বলে তিনি মন্তব্য করেন।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনেক কিছু করার সুযোগ থাকলেও তা করা সম্ভব হয়নি। তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে সাংবাদিকদের সুরক্ষা ও স্বাধীনতার যে দিকগুলো উঠে এসেছিল, তা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে। গণমাধ্যমের ওপর রাজনৈতিক বা ব্যবসায়িক প্রভাব মুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিক সুরক্ষা নিশ্চিত না হলে তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট ও ইলেকট্রনিক মিডিয়া বন্ধ থাকা সত্ত্বেও সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে তিনি প্রশংসা করেন।

ব্যক্তির ইচ্ছায় গণতন্ত্র বা মতপ্রকাশের স্বাধীনতা টিকে থাকে না উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। বাংলাদেশকে কোনোভাবেই পেছনের দিকে টেনে নেওয়া যাবে না বরং সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে এনসিপির শীর্ষ নেতৃত্বসহ দেশের বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।