আগস্ট ২৭, ২০২৬, ০৬:০৯ পিএম
গত ছয় মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সেই প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রেখেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, এটি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন হয়েছে নাকি রাজনৈতিক বক্তৃতা, তা তিনি বুঝতে পারেননি।বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে এই প্রশ্নোত্তরের ঘটনা ঘটে।
সংসদে বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ এর আগে ওই জেলাটিকে একটি সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তিনি গত ছয় মাসে আইনশৃঙ্খলার অবনতি ও বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে জানতে চান, বর্তমান প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কি না।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই ধরনের বক্তব্য সংসদীয় প্রশ্ন না হয়ে রাজনৈতিক জনসভার মতো শোনাতে পারে। তিনি দাবি করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেকোনো সংঘটিত অপরাধের ঘটনায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তথ্যভিত্তিক আলোচনা ছাড়া কেবল ব্যর্থতার অভিযোগ তোলার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন এবং সুনির্দিষ্ট নোটিশ দিলে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার কথা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন