বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির ভেন্যুতে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০২:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির ভেন্যুতে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠানের স্থানেই বিকেল তিনটায় ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়, যেখানে একই দিন বিকেল চারটায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে এই রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলন অব্যাহত রেখেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।এর আগে কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে হাসনাত আবদুল্লাহ সংসদে যে বক্তব্য দিয়েছেন, তার জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং বক্তব্য প্রত্যাহার করতে হবে। 

নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানায় তারা শিল্পকলা একাডেমিতে কুরআন তিলাওয়াত ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান করার ঘোষণা দেয়। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে পূর্বনির্ধারিত সময়েই তাদের সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন জানিয়েছে যে রাজনৈতিক কর্মসূচি ও সভার ভেন্যু সংক্রান্ত জটিলতার কারণে শিল্পকলা একাডেমিতে কোনো অনুষ্ঠান বা সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না এবং পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।