বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইউনিয়ন পরিষদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: এমপি হানজালা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০২:৪৭ পিএম

ইউনিয়ন পরিষদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: এমপি হানজালা

ছবি : সংগৃহীত

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গড়ে তোলা যাবতীয় অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। শুক্রবার সকালে মাদারীপুরের শিবচরের ৭৫ নম্বর বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। 

ভোটের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।জনগণের প্রাপ্য অধিকার যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সেবা ও বিভিন্ন অনিয়মের কড়া সমালোচনা করে এমপি হানজালা বলেন, বিগত বছরগুলোতে প্রকৃত জেলেরা জেলের কার্ড ও কৃষকরা কৃষক কার্ড থেকে বঞ্চিত হয়েছেন, অথচ কার্ড পেয়েছেন অন্যরা। 

অসহায় প্রবীণরা বয়স্ক ভাতা না পেয়ে চেয়ারম্যান ও মেম্বারদের আত্মীয়-স্বজনরা এসব সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ করেন তিনি। জনগণের অধিকার কেড়ে নিয়ে জনপ্রতিনিধিরা নিজেদের পকেট ভারী করবেন, এই সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।