বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

র‌্যাব থেকে এসআরবি, ‘নতুন বোতলে পুরোনো মদ’: এমপি নাজিবুর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৬:২৭ পিএম

র‌্যাব থেকে এসআরবি, ‘নতুন বোতলে পুরোনো মদ’: এমপি নাজিবুর

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে নতুনভাবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের লক্ষ্যে সংসদে পাস হওয়া আইনের কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত আইনে পুরোনো বিশেষায়িত বাহিনীর সব জনবল, কার্যালয়, অস্ত্র, দায় ও নথিপত্র সরাসরি নতুন বাহিনীর কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। ফলে নাম ও সাইনবোর্ড পরিবর্তন ছাড়া কার্যক্ষেত্রে কোনো কাঠামোগত সংস্কার হচ্ছে না দাবি করে একে তিনি ‘নতুন বোতলে পুরোনো মদ’ বলে আখ্যা দেন।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিলটির ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন। পাবনা-২ আসনের এই আইনপ্রণেতা অতীতে বিশেষায়িত এই বাহিনীর বিরুদ্ধে ওঠা নানা গুরুতর অভিযোগ ও রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, নারায়ণগঞ্জের আলোচিত ঘটনার পর বেগম খালেদা জিয়া বাহিনীটি বিলুপ্তির স্পষ্ট দাবি জানিয়েছিলেন এবং পরবর্তীতে এটিকে ক্যানসার হিসেবে আখ্যায়িত করেছিলেন। এছাড়া আন্তর্জাতিক সংস্থা ও পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকেও ইতিবাচক সংস্কারের সুপারিশ ছিল। তবে বর্তমান আইনের মাধ্যমে কেবল বাহিনীর নাম বদলিয়ে পুরোনো রূপরেখাকেই বহাল রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

বিলের সাতাইশ নম্বর ধারার সুনির্দিষ্ট বিধান উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই রূপান্তরের ফলে অতীতে ঘটে যাওয়া গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিচারাধীন অভিযোগের তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া নতুন বাহিনীর জবাবদিহি কাঠামোকে তিনি অত্যন্ত ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করেন। নতুন বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে একই বাহিনীর অতিরিক্ত মহাপরিচালককে, যা ন্যায়বিচারের স্বাভাবিক নীতির সাথে সাংঘর্ষিক বলে তিনি মত দেন।

এই কাঠামোগত দুর্বলতা দূর করতে তদন্ত কমিটিতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি, ফৌজদারি আইনজীবী এবং মানবাধিকার কর্মীদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। তিনি বলেন, একটি পেশাদার ও সুশৃঙ্খল বিশেষায়িত বাহিনীর প্রয়োজনীয়তা থাকলেও তাদের কাজের অভ্যন্তরীণ স্বচ্ছতা ও কঠোর জবাবদিহিতা নিশ্চিত না করা হলে সংস্কারের মূল উদ্দেশ্য সফল হবে না।

এর আগে সংসদের একই অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশকৃত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা হয়। বিভিন্ন সংশোধনীর ওপর সংক্ষিপ্ত আলোচনা ও ভোটাভুটি শেষে কণ্ঠভোটে বিলটি সংসদে পাস হয়।