সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৪:১১ পিএম
চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাটে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের গাড়ির পেছনে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।
এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও মহিব্বুল্লাহ বাবুনগরী ও তার সফরসঙ্গীরা সম্পূর্ণ অক্ষত রয়েছেন। গাড়িতে থাকা শীর্ষ আলেম বা তার সঙ্গীদের কেউ আহত হননি। স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছিলেন হেফাজত আমির।
বারইয়ারহাট অতিক্রম করার সময় পেছন থেকে আসা বাসটি ধাক্কা দিলে তাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার দায়িত্বশীল নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে যোগাযোগ স্থাপন করেন।
ফেনী জেলা হেফাজতে ইসলামের সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী জানান, ঘটনার পর মহিপালে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, বাস মালিক সমিতি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়। এরপর সংগঠনের আমিরের যাত্রা নিশ্চিত করতে একটি বিকল্প গাড়ির ব্যবস্থা করা হয় এবং তিনি নিরাপদে নোয়াখালীর উদ্দেশে রওনা হন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন