আগস্ট ১১, ২০২৫, ০৮:০৭ পিএম
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন দল ও জোটের মধ্যে নানা দাবি ও আলোচনা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই নির্বাচনকালীন পরিবেশ ও বিধি নিয়ে সব রাজনৈতিক দল নিজেদের অবস্থান তুলে ধরছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নিজস্ব 'জুলাই ঘোষণাপত্র' ও 'জুলাই সনদের' আলোকে নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলেছে। এই দাবিতেই তারা একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’-কে আইনগত স্বীকৃতি প্রদান ও এর আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচি আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেই লক্ষ্যে এই কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন