রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:০৬ পিএম

জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে রোববার রাতে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের একাধিক মামলা রয়েছে, যা রাজনীতিতে নতুন মোড় আনল।

জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা দেশের রাজনীতিতে জাপার অভ্যন্তরীণ কোন্দল ও চলমান অস্থিরতার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে সংঘটিত হত্যার একাধিক মামলা রয়েছে। এছাড়াও, গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল, যদিও পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে জাতীয় পার্টির দেবর-ভাবির বিরোধ কেন্দ্রিক রওশনপন্থি অংশের ওপর চাপ বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।