রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াতসহ সাত দল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:৫২ পিএম

দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াতসহ সাত দল

ছবি - সংগৃহীত

জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করা, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চালু, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল।

আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই সাতটি দল আলাদা আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অভিন্ন এই কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ থাকায় সেই সময় পর্যন্ত দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে এসব দলের কর্মসূচিতে বিভিন্ন কৌশল থাকছে।

এর আগে গত ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর দলগুলো ঢাকা, বিভাগীয় শহর এবং জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল। দ্বিতীয় দফায় কর্মসূচিতে অংশ নেওয়া দলগুলো হলো:

  • জামায়াতে ইসলামী

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • খেলাফত মজলিস

  • বাংলাদেশ খেলাফত মজলিস

  • খেলাফত আন্দোলন

  • জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা

  • নেজামে ইসলাম পার্টি

আগামীকাল কয়েকটি দলের সংবাদ সম্মেলন নিম্নরূপ:

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: মঙ্গলবার বেলা ১১টায় প্রেস ব্রিফিং করবে, যেখানে পিআরসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরা হবে।

  • জামায়াতে ইসলামী: দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

  • জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা: দুপুর ১২টায় পুরানা পল্টনের কার্যালয়ে অক্টোবর মাসের প্রথমার্ধের কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতি চালুর বিষয়ে ইসলামী আন্দোলনের দাবির সঙ্গে সোমবার আরও ১২টি সমমনা দল একমত পোষণ করেছে। আগামী দিনের কর্মসূচিতেও তাদের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।