রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে: ফয়জুল করীম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১১:৩৭ পিএম

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে: ফয়জুল করীম

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, শুধুমাত্র দল, নেতা বা সরকার পরিবর্তন করে দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শান্তি তখনই আসবে, যখন দেশের নীতি-আদর্শের পরিবর্তন এনে ইসলামের সুমহান আদর্শকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা যাবে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদীর সাটিরপাড়া কে. কে. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুফতি ফয়জুল করীম বলেন, “দীর্ঘদিন যারা এ দেশ পরিচালনা করেছে, তারা মানুষকে শান্তি দিতে পারেনি, বৈষম্য দূর করতে পারেনি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে। তাদের শাসনামলে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।” তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারও দেশে জুলুম, অত্যাচার ও অবিচার বন্ধ করতে পারেনি।

সমাবেশে তিনি পার্বত্য শান্তিচুক্তির বিরোধিতা করে বলেন, “পার্বত্য এলাকার জন্য ভিন্ন আইন কেন থাকবে? তারা যদি দেশের নাগরিক হয় তবে তাদের সঙ্গে কীসের শান্তিচুক্তি? দেশের অন্যান্য জেলার মতো পার্বত্য অঞ্চলেও একই আইন থাকতে হবে।”

নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।