বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নির্বাচনে কি অংশ নেবেন খালেদা জিয়া? যা বললেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৬:৫৩ পিএম

নির্বাচনে কি অংশ নেবেন খালেদা জিয়া? যা বললেন তারেক রহমান

ছবি - সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক দীর্ঘ ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি দেশের চলমান রাজনীতি, দলের ভবিষ্যৎ এবং চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে সম্ভাব্য ভূমিকা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো ভূমিকায় থাকবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার মায়ের অবদান অপরিসীম এবং এজন্য তাকে স্বৈরাচারের সময় চরম অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি বলেন, “আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ জেলখানায় গিয়েছেন, কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন।”

খালেদা জিয়ার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রথম পদক্ষেপ হিসেবে যে জনপ্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, শারীরিক সক্ষমতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাতে নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখবেন।” তবে সেই ভূমিকা নির্বাচনে সরাসরি অংশগ্রহণ কিনা, তা খালেদা জিয়ার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করছে বলে তিনি জানান।

বিএনপির নেতৃত্বে পরিবারতন্ত্রের প্রভাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি পরিবারকরণ হয় না, এটি সমর্থনের ভিত্তিতে হয়। তিনি নিজের উদাহরণ টেনে বলেন, “বিগত ১৭ বছরে আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, জেল-জুলুম খেটেছি, মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি। প্রতিটি স্তর পার করে আমি এসেছি।

তিনি বলেন, চিকিৎসকের সন্তান চিকিৎসক বা আইনজীবীর সন্তান আইনজীবী হলেই যেমন সফল হয় না, তেমনি রাজনীতিতে এসেও সবাই সফল হয় না। যে জনগণকে ও দলকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে পারবে, সেই নেতা হতে পারবে।তার স্ত্রী বা কন্যা রাজনীতিতে আসবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “বিষয়টি সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে।”