অক্টোবর ৬, ২০২৫, ১০:১৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন, তাই নতুন মোড়কে পুরোনো দুর্নীতিগ্রস্ত মতবাদ তারা আর গ্রহণ করবে না। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা ভোট চাইতে আসবে, তাদের কাছে প্রশ্ন করতে হবে কেন তাদের শাসনামলে দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর জিগাতলায় ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. মাসুদ বলেন, “জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে দুই টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি।
” তিনি অভিযোগ করেন, যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, কানাডায় ‘বেগমপাড়া’ গড়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা এখন নীতি কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।তিনি আরও বলেন, “ক্ষমতায় বসার আগেই যারা নদীর বালু, পানি ও পাথর লুট করে, তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। তাই দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও রাষ্ট্র জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। সভা শেষে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একটি গণসংযোগ অনুষ্ঠিত হয় এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন