অক্টোবর ৬, ২০২৫, ১১:০৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তার বক্তব্যকে বিকৃত করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ‘কালবেলা’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।
আবিদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। তিনি আওয়ামী লীগ বা তাদের নেতাকর্মীদের জীবন জাহান্নাম বানিয়ে ফেলার মতো কোনো কথা বলেননি। তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রাতিষ্ঠানিক বিচারের কথা বলেছেন, যা আইনের শাসনেরই প্রতিধ্বনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটি নির্দিষ্ট গোষ্ঠী তার এই বক্তব্যকে বিকৃত করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, “যারা তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে, তারা এমন একজনের অনুসারী যিনি অতীতে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছিলেন। এখন তারাই আবার আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অথচ তারাই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানায়।”
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান দেশের সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। তার এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন