অক্টোবর ৯, ২০২৫, ০৯:২৮ পিএম
আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত দীর্ঘ ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের ধীরগতি এবং সমন্বয়হীনতার কারণে সৃষ্ট তীব্র যানজট ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করে।
২০২০ সালে শুরু হওয়া ঢাকা-সিলেট চার লেন মহাসড়কের নির্মাণ কাজ ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর পাশাপাশি ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলায় দুই প্রকল্পের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে।
জামায়াত প্রতিনিধিদল উপদেষ্টাকে জানায়, নির্মাণকাজের ধীরগতি এবং ইট-বালু বহনকারী ট্রাকের যত্রতত্র পার্কিংয়ের কারণে আশুগঞ্জ গোলচত্বর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার এলাকায় গত তিন দিন ধরে ভয়াবহ যানজট বিরাজ করছে। এতে যাত্রীদের মাত্র কয়েক ঘণ্টার পথ পাড়ি দিতে পুরো দিন লেগে যাচ্ছে এবং অনেকে বাধ্য হচ্ছেন পায়ে হেঁটে গন্তব্যে যেতে।
জনদুর্ভোগ লাঘবে সরকারের সাংবিধানিক দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে প্রতিনিধিদল নিম্নোক্ত তিনটি প্রস্তাব পেশ করে:
১. কার্যকর সমন্বয়: চার লেন ও ছয় লেন প্রকল্পের মধ্যে দ্রুত সমন্বয় নিশ্চিত করা। ২. জনবল বৃদ্ধি: অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে নির্মাণ কাজের গতি বাড়ানো। ৩. বিকল্প যোগাযোগ: ঢাকা-সিলেট রুটে ট্রেনের বগির সংখ্যা বৃদ্ধি করে বিকল্প যোগাযোগ নিশ্চিত করা।
এ প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিশির মো. মনির এবং অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী।
প্রস্তাবগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "সরকার ইতিমধ্যে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই পরিস্থিতির উন্নতি হবে এবং জনদুর্ভোগ দূর হবে।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন