অক্টোবর ১২, ২০২৫, ০৭:৫৯ পিএম
জুলাই সনদ’-এর ভিত্তিতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন কর্মসূচির আওতায় আগামী ১৪ ও ১৫ অক্টোবর দেশব্যাপী মানববন্ধন করবে দলটি।রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই নতুন কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর, মঙ্গলবার, রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে এবং ১৫ অক্টোবর, বুধবার, দেশের সকল জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।বিবৃতিতে মিয়া গোলাম বলেন, “জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ৫ দফা দাবির প্রেক্ষিতে গত ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত গণসংযোগ, গণমিছিল এবং জেলা প্রশাসকদের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, জামায়াতের এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে।”তিনি আরও বলেন, “সরকার এখন পর্যন্ত দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।”জামায়াতের ৫ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদের ভিত্তিতে গণভোটের মাধ্যমে নির্বাচন আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের সহযোগীদের কার্যক্রম নিষিদ্ধ করা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন