অক্টোবর ১৪, ২০২৫, ০৯:২১ এএম
জুলাই সনদ’-এর আইনি ভিত্তি প্রদান এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকা এবং দেশের সকল বিভাগীয় শহরে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি সমমনা রাজনৈতিক দল।দলগুলোর পূর্বঘোষিত ‘তৃতীয় দফা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টা থেকে এই মানববন্ধন শুরু হওয়ার কথা রয়েছে।
কর্মসূচি অনুযায়ী, ঢাকায় যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যাত্রাবাড়ী থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী পর্যন্ত মানববন্ধনে অংশ নেবেন এবং দলের কেন্দ্রীয় নেতারা মৎস্য ভবন এলাকায় উপস্থিত থাকবেন।
একই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করবে এবং তাদের কেন্দ্রীয় নেতারা বায়তুল মোকাররমের উত্তর গেট ও শাপলা চত্বরে অবস্থান নেবেন।এছাড়াও, বাংলাদেশ খেলাফত মজলিস দৈনিক বাংলা মোড়ে, খেলাফত মজলিস পল্টন মোড়ে, খেলাফত আন্দোলন শাহবাগ মোড়ে এবং নেজামে ইসলাম পার্টি বায়তুল মোকাররম উত্তর গেটে নিজ নিজ দলের ব্যানারে মানববন্ধনে অংশ নেবে।
দলগুলোর অভিন্ন দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদের ভিত্তিতে গণভোট আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের সহযোগীদের কার্যক্রম নিষিদ্ধ করা। এই ব্যাপক কর্মসূচির কারণে আজ রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন