রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষকরা মর্যাদা না পেলে উন্নত জাতি গঠন সম্ভব নয়’: নুরুল হক নুর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ১০:৫৭ এএম

শিক্ষকরা মর্যাদা না পেলে উন্নত জাতি গঠন সম্ভব নয়’: নুরুল হক নুর

ছবি - সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়।” তিনি শিক্ষকদের দাবিগুলোকে ‘যৌক্তিক’ হিসেবে অভিহিত করে তা অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।ফেসবুক পোস্টে নুরুল হক নুর একটি প্রশ্ন রেখে বলেন, “শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে-পরে বেঁচে থাকতে পারেন, সেভাবে বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার।”নুরের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তাদের ‘সচিবালয় চলো’ কর্মসূচি পালনের কথা রয়েছে। এর আগে, গত রোববার আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটে, যা দেশব্যাপী তীব্র সমালোচনার জন্ম দেয়।