বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিক্ষকদের কী আশ্বাস দিলেন মির্জা ফখরুল?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০২:০৬ পিএম

শিক্ষকদের কী আশ্বাস দিলেন মির্জা ফখরুল?

ছবি - সংগৃহীত

টানা আট দিন ধরে রাজপথে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তাদের দীর্ঘদিনের দাবি ‘শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ’ বাস্তবায়ন করা হবে।

রোববার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর নেতাদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, “বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন।

তিনি বলেছেন, তাদের দল ক্ষমতায় গেলে শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন করা হবে।”তিনি আরও জানান, বৈঠক চলাকালেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টাকে ফোন করেন এবং শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবির বিষয়ে ও এর আর্থিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শিক্ষক নেতারা বৈঠকে তাদের দাবির বিষয়ে নমনীয়তা প্রদর্শন করে বলেন, সরকার যদি অবিলম্বে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন জারি করে, তবে তারা অন্যান্য দাবিগুলো নিয়ে পরবর্তী সময়ে আলোচনার জন্য আন্দোলন স্থগিত করতে রাজি আছেন।বিএনপি মহাসচিবের এই আশ্বাস এবং সরাসরি অর্থ উপদেষ্টাকে ফোন করে মধ্যস্থতার উদ্যোগে শিক্ষক নেতারা সন্তোষ প্রকাশ করেছেন।