অক্টোবর ১৯, ২০২৫, ০৫:২৪ পিএম
জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভক্তির মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি জামায়াতের আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির আন্দোলনকে একটি ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’ বলে অভিহিত করেছেন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন।নাহিদ ইসলাম তার পোস্টে লেখেন, “জামায়াতের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা।”
তিনি অভিযোগ করেন, “জুলাই উত্থানের আগে অথবা পরে কখনোই সংস্কার সংলাপে অংশগ্রহণ করেনি জামায়াত। তারা কোনো মৌলিক প্রস্তাব, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার প্রদান করেনি। সংস্কারের নামে তাদের হঠাৎ এই সমর্থন বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির ফল নয়, বরং এটি একটি রাজনৈতিক ছদ্মবেশী হস্তক্ষেপ।”
এনসিপি আহ্বায়ক আরও বলেন, “তারা (জামায়াত) নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই এজেন্ডাকে জিম্মি করে এটিকে কেবল একটি কৌশলগত পিআর ইস্যুতে পরিণত করেছে। তাদের উদ্দেশ্য কখনও সংস্কার ছিল না, বরং এটি ছিল কৌশলগত প্রভাব বিস্তার।”তিনি তার পোস্টের শেষে লেখেন, “এখন বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে এই প্রতারণাকে বুঝতে পেরেছে।
তারা সত্যের প্রতি জাগ্রত এবং আর কখনো ভ্রান্ত সংস্কারবাদী বা কৌশলগত রাজনৈতিক খেলোয়াড়দের দ্বারা প্রতারিত হবে না।”উল্লেখ্য, গত শুক্রবার (১৭ অক্টোবর) জামায়াতে ইসলামীসহ ৩৩টি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করলেও, সনদের আইনি ভিত্তি স্পষ্ট না থাকার অভিযোগে এনসিপিসহ পাঁচটি দল এই স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন