রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না: নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৪:১৩ পিএম

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের পথে তারা রয়েছেন এবং এটি অবশ্যই বাস্তবায়িত হবে। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) থাকবে না এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দ্রুত এই সনদের আদেশ দিতে হবে। নাহিদ ইসলামের দাবি, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যেতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।নাহিদ ইসলাম তার বক্তব্যে শিক্ষা খাতের আমূল সংস্কারের ওপর জোর দেন। তিনি বলেন, বেকারত্ব দূর করতে হলে প্রথমে শিক্ষা খাতের সংস্কার করতে হবে। যদি শিক্ষা ব্যবস্থাকে মূল থেকে পরিবর্তন করা না যায়, তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তনও সম্ভব নয়।

তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে শিক্ষকদের পদোন্নতি দলীয় পরিচয়ের ভিত্তিতে হয়েছে এবং সেই ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। তার মতে, ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব নয়।

অনুষ্ঠানে ইউটিএফ-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, তারা এদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চান। শিক্ষকদের ঐক্য ও দায়বদ্ধতার নতুন ধারণা সমাজে প্রতিষ্ঠিত করতে ইউটিএফ কাজ করবে। তিনি মন্তব্য করেন, শিক্ষা ক্ষেত্রের সংস্কারেই রাষ্ট্রীয় পরিবর্তনের ভিত্তি তৈরি হবে।

নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছাত্র-শিক্ষকদের ঐক্যের মধ্য দিয়েই গণঅভ্যুত্থান সফল হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে অমলিন থাকবে।উল্লেখ্য, ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-পন্থী শিক্ষকদের একটি নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।