রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘরেই বানিয়ে নিন পুষ্টিকর পিনাট বাটার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ০১:২১ পিএম

ঘরেই বানিয়ে নিন পুষ্টিকর পিনাট বাটার

সকালের নাস্তায় দ্রুত তৈরি করা যায় এমন স্বাস্থ্যকর খাবারের তালিকায় পিনাট বাটার বেশ জনপ্রিয়। ব্রেডের সঙ্গে খেতে যেমন দারুণ লাগে, তেমনই এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। দোকান থেকে কিনে আনার ঝামেলা না করে চাইলে এখন খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু পিনাট বাটার।

এর জন্য প্রয়োজন মাত্র কয়েকটি সাধারণ উপকরণ আর কয়েক মিনিট সময়। পিনাট বাটার তৈরির জন্য উপকরণ হিসেবে লাগবে ২ কাপ বাদাম, ২ চা চামচ মধু, ২ চা চামচ কোকো পাউডার এবং অল্প পরিমাণ লবণ।

প্রথমে বাদামের খোসা ছাড়িয়ে নিন এবং একটি শুকনো প্যানে সেগুলো হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে বাদামগুলো ঠান্ডা হতে দিন, এরপর এর ওপরের লাল আবরণ হাত দিয়ে ঝেড়ে তুলে ফেলুন।

এবার খোসা ছাড়ানো বাদামগুলো একটি ব্লেন্ডারে দিন এবং সঙ্গে যোগ করুন মধু, কোকো পাউডার ও সামান্য লবণ। ব্লেন্ডারটি ধীরে ধীরে চালাতে থাকুন, তবে মসৃণ পেস্ট তৈরি না হওয়া পর্যন্ত মাঝে মাঝে থামিয়ে চামচ দিয়ে পাতলা নেড়ে আবার ব্লেন্ড করতে হবে।

বাদাম সম্পূর্ণ মসৃণ পেস্টের মতো হয়ে গেলে আপনার ঘরোয়া পিনাট বাটার তৈরি হয়ে যাবে। মসৃণ টেক্সচার পেয়ে গেলে এটি একটি পরিষ্কার কাঁচের বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন এবং চাইলে কয়েকদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এই ঘরে তৈরি পিনাট বাটার একদিকে যেমন স্বাস্থ্যকর, তেমনি তা আপনার সকালের নাস্তায় নতুন স্বাদ এনে দেবে।