মার্চ ২৩, ২০২৬, ০৯:২১ পিএম
খাসির মাংসের প্রথাগত স্বাদ বদলে নতুনত্ব আনতে লেবু মাটন হতে পারে একটি চমৎকার বিকল্প। বিশেষ করে কাগজি লেবুর রস ও লেবুপাতার সুঘ্রাণ মাংসের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই সুস্বাদু পদটি তৈরি করতে প্রয়োজন দেড় কেজি খাসির মাংস, চারটি পেঁয়াজ কুচি এবং সাধারণ কিছু ঘরোয়া মসলা। রান্নার শুরুতেই মাংস ভালো করে ধুয়ে নিয়ে তাতে দুটি পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, গরম মসলা এবং স্বাদমতো লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
মাংস যাতে নরম হয় এবং মসলাগুলো ভেতর পর্যন্ত পৌঁছায় সেদিকে লক্ষ্য রাখা জরুরি।পরবর্তী ধাপে একটি কড়াইয়ে আধা কাপ তেল গরম করে বাকি পেঁয়াজ কুচিগুলো লালচে করে ভেজে নিতে হবে।
পেঁয়াজ ভাজা হলে তাতে হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর ধনে ও জিরা গুঁড়া এবং সামান্য পানি যোগ করে মসলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলার ওপর তেল ভেসে উঠলে আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসগুলো ঢেলে দিতে হবে এবং সামান্য পানি দিয়ে আবারও ভালো করে কষাতে হবে।
মাংসের রঙ গাঢ় হয়ে এলে এবং ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে আসলে তাতে পাঁচটি লেবুপাতা ছিঁড়ে দিয়ে আরও অন্তত পাঁচ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে।রান্নার একদম শেষ পর্যায়ে অর্থাৎ নামানোর ঠিক আগে পরিমাণমতো কাগজি লেবুর রস মিশিয়ে নিতে হবে।
লেবুর রসের ঘ্রাণ এই পদের প্রধান আকর্ষণ তাই নিজের রুচি অনুযায়ী এর পরিমাণ নির্ধারণ করতে হবে। তবে মনে রাখতে হবে লেবুর রস দিয়ে খুব বেশি সময় জ্বালালে মাংস তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পোলাও, সাদা ভাত বা নান রুটির সাথে পরিবেশনের জন্য এই লেবু মাটন একটি আদর্শ পদ হতে পারে। পরিবারের বিশেষ কোনো উৎসব বা ছুটির দিনের মেনুতে এই ভিন্নধর্মী রেসিপিটি রাখলে খাবারে আসবে আভিজাত্য ও নতুনত্বের স্বাদ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন