বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বৃষ্টির দিনে খাবারের আয়োজন: কাঁঠালের বিচি ও ইলিশের বাহার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৩:৪৫ পিএম

বৃষ্টির দিনে খাবারের আয়োজন: কাঁঠালের বিচি ও ইলিশের বাহার

ছবি: দিনাজপুর টিভি

বৃষ্টির দিনে খাবারের আয়োজন জমিয়ে তুলতে বর্ষাকালের সবজি ও মাছের ভিন্ন কিছু পদ নিয়ে সাজানো হয়েছে এবারের রসনাবিলাস। বর্ষায় নানা রকম সবজি পাওয়া যায়, যা দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব রান্না। এবারের খাবারের আয়োজন সাজানো হয়েছে ভিন্ন স্বাদের কিছু পদ দিয়ে।এবারের আয়োজনে থাকছে কাঁঠালের বিচির কাবাবসহ নানা পদ।কাঁঠালের বিচির কাবাব তৈরির জন্য প্রথমে দুই কাপ বিচির সাদা খোসা ফেলে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে লাল খোসা ছাড়িয়ে পাটায় মিহি করে বেটে নিতে হবে, তবে কোনো বাড়তি পানি ব্যবহার করা যাবে না। 

বাটা বিচির সঙ্গে দুই টেবিল চামচ বেসন, একটি ডিম, এক কাপ পেঁয়াজ কুচি, এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ গরম মসলার গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, তিন টেবিল চামচ ধনেপাতা কুচি ও এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণটি খুব বেশি শক্ত বা নরম যেন না হয়, প্রয়োজন হলে আরও বেসন মেশানো যেতে পারে। হাতে সামান্য তেল মেখে কাবাবের আকৃতি দিয়ে মাঝারি আঁচে ডুবো তেলে লালচে করে ভেজে নিন। তেল ঝরিয়ে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্নার জন্য এক আঁটি লতি কেটে ধুয়ে নিন এবং এক কাপ মাঝারি চিংড়ি মাছ বেছে পরিষ্কার করুন। কড়াইতে লতি, চিংড়ি, আধা কাপ পেঁয়াজ কুচি, পাঁচ-ছয়টি কাঁচামরিচ ফালি, এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনে গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, পরিমাণমতো তেল ও আধা কাপ পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। চুলায় বসিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে রান্না করুন। সেদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

শাপলা ইলিশ রান্নার জন্য সাত থেকে দশ পিস শাপলা বেছে ধুয়ে নিন এবং পাঁচ টুকরো ইলিশ মাছ হালকা ভেজে নিন। কড়াইতে তেল গরম করে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তাতে এক টেবিল চামচ পানি দিয়ে হলুদ, মরিচ ও আধা টেবিল চামচ আদা-রসুন বাটা দিয়ে মসলা কষিয়ে নিন। এবার শাপলা দিয়ে নেড়ে এক কাপ পানি দিন। শাপলা সেদ্ধ হলে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে মিনিট কয়েক রান্না করে নামিয়ে ফেলুন।

ইলিশ মাছ দিয়ে কচুশাক তৈরির জন্য ৫০০ গ্রাম কচুশাক সামান্য পানি, হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এরপর ডালঘুঁটনি দিয়ে শাক গলিয়ে রাখুন। ইলিশ মাছের দুটি মাথা লবণ ও হলুদ মাখিয়ে ভেজে তুলে নিন। একই তেলে এক কাপ পেঁয়াজ কুচি, দুই টেবিল চামচ রসুন কুচি ও ছয়-সাতটি কাঁচামরিচ ফালি সোনালি করে ভেজে শাক দিয়ে দিন। হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে ভাজা মাছের মাথাগুলো ভেঙে মিশিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রান্না করুন এবং নামানোর আগে কাঁচামরিচ ও দুই চা চামচ লেবুর রস ছড়িয়ে দিন।

কাঁঠালবিচি ও মুরগির মাংসের জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরা বাটা দিয়ে কষিয়ে নিন। এরপর ৫০০ গ্রাম কাঁঠালের বিচি দিয়ে কষিয়ে ৫০০ গ্রাম মুরগির মাংস দিয়ে রান্না করুন। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। মাংস ও বিচি সেদ্ধ হলে ঝোল মাখা-মাখা অবস্থায় নামিয়ে নিন।