রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডিমের রেজালা ঘরেই আনুন খাবারের রাজকীয় স্বাদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৪:১০ পিএম

ডিমের রেজালা ঘরেই আনুন খাবারের রাজকীয় স্বাদ

বাড়িতে অতিথি আপ্যায়ন হোক বা ঘরোয়া আয়োজনে একটু ভিন্ন স্বাদের কিছু खाने ইচ্ছা, ডিম হতে পারে প্রধান ভরসা। মাছ বা মাংসের রেজালা তো অনেকেই খেয়েছেন, কিন্তু ডিম দিয়েও যে রাজকীয় স্বাদের রেজালা তৈরি করা সম্ভব, তা হয়তো অনেকেই জানেন না। খুব কম সময়ে তৈরি এই মুখরোচক খাবারটি বাড়ির ছোট-বড় সবাই পছন্দ করবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ডিমের রেজালা তৈরি করবেন।প্রথমে ৪ থেকে ৬টি ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।

এবার ডিমগুলোর গায়ে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন।এবার রান্নার মূল পর্বে যেতে হবে। একটি প্যানে দুই টেবিল চামচ সাদা তেল বা ঘি গরম করুন। তেল গরম হলে তাতে তেজপাতা ও গোটা গরম মসলা (যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ) ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে এক কাপ পরিমাণ পেঁয়াল বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে এতে দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা এবং আধা চা চামচ করে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে দিন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মসলাটি ভালোভাবে কষাতে হবে।

মসলা কষানো হলে এতে এক টেবিল চামচ কাজু বাদাম বাটা ও এক টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এরপর এক কাপ ফেটানো টকদই দিয়ে দিন। টকদই দেওয়ার পর মসলাটি ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না তেল ওপরে ভেসে ওঠে। এই পর্যায়ে এক টেবিল চামচ কিশমিশ বাটাও যোগ করতে পারেন।মসলা থেকে তেল ছেড়ে এলে স্বাদমতো লবণ, আধা চা চামচ চিনি, ৩-৪টি কাঁচা মরিচ এবং এক কাপ পরিমাণ গরম পানি দিন। ঝোল ফুটে উঠলে তাতে আগে থেকে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিন। এবার প্যানটি ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন।

ঝোল ঘন হয়ে এলে এবং তেল ওপরে ভেসে উঠলে চুলা বন্ধ করার আগে আধা চা চামচ কেওড়া জল, আধা চা চামচ দারুচিনি ও এলাচের গুঁড়া এবং পেঁয়াজ কুচির বেরেস্তা ছড়িয়ে দিন। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখুন। এরপর নামিয়ে গরম গরম ভাত, পোলাও, নানরুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন রাজকীয় স্বাদের ডিমের রেজালা।