শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

শীতের স্বাদে গোলমরিচ ফুলকপি রান্নার সহজ রেসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৮:১৫ পিএম

শীতের স্বাদে গোলমরিচ ফুলকপি রান্নার সহজ রেসিপি

শীতের বাজারে এখন টাটকা ফুলকপি উঠতে শুরু করেছে, যা হিমঘরে রাখা ফুলকপির চেয়ে অনেক বেশি সুস্বাদু। ফুলকপি অনেকেরই প্রিয় সবজি, আর তা যদি একটু ভিন্ন স্বাদের বা মসলাদার হয়, তবে খাওয়ার মজা বহুগুণ বেড়ে যায়। গরম ভাতের পাশাপাশি রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য চমৎকার একটি পদ হলো গোলমরিচের ফুলকপি। গোলমরিচের হালকা ঝাল, কসুরি মেথির সুগন্ধ এবং গরম মশলার অনন্য স্বাদে এই রেসিপিটি হয়ে ওঠে অসাধারণ।

অনেকেই ভাবেন ঘরে এমন রেসিপি তৈরি করা বেশ জটিল, কিন্তু সঠিক উপকরণ ও সহজ কিছু ধাপ অনুসরণ করলেই বাড়িতেই এই মুখরোচক খাবারটি তৈরি করা সম্ভব।এই পদটি রান্না করার জন্য প্রথমে একটি বিশেষ মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। মিক্সারে দেড় গাঁট পরিমাণ আদা, এক চা চামচ জিরে, এক টেবিল চামচ গোটা গোলমরিচ, এক চা চামচ ধনে এবং ৩ থেকে ৪টি কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে এই মিশ্রণে চার টেবিল চামচ ফেটানো টক দই, স্বাদমতো নুন এবং সামান্য চিনি মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করে পাশে রাখতে হবে।

এবার একটি মাঝারি আকারের ফুলকপি মাঝারি টুকরো করে কেটে নিতে হবে। গরম জলে সামান্য নুন দিয়ে ফুলকপির টুকরোগুলো কয়েক মিনিট ভাপিয়ে নিতে হবে, যাতে এগুলো আধা সেদ্ধ হয়। এরপর জল ঝরিয়ে নিয়ে একটি কড়াইতে সাদা তেল গরম করে, তাতে অল্প নুন ছিটিয়ে ফুলকপির টুকরোগুলো হালকা বাদামী রঙ করে ভেজে তুলে রাখতে হবে।

ফুলকপি ভাজা হয়ে গেলে সেই একই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে। তেলে একটি তেজপাতা, এক টুকরো দারুচিনি, তিনটি লবঙ্গ, একটি এলাচ এবং আরও এক টেবিল চামচ গোটা গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ড নাড়তে হবে। মশলা থেকে সুন্দর সুগন্ধ বের হতে শুরু করলে এতে আগে থেকে তৈরি করে রাখা আদা ও দইয়ের মিশ্রণটি ঢেলে দিতে হবে।

মশলাটি মাঝারি আঁচে ভালোভাবে কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন তাতে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এবং ছোট ছোট টুকরো করে কাটা একটি ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। সঙ্গে বাকি ৩-৪টি কাঁচা লঙ্কাও যোগ করতে হবে। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করতে হবে, যতক্ষণ না ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে যায়।

ফুলকপি সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে, সবশেষে নামানোর আগে উপরে এক টেবিল চামচ কসুরি মেথি (হাতে সামান্য গুঁড়ো করে), এক চা চামচ গরম মশলার গুঁড়ো এবং এক চা চামচ ঘি ছড়িয়ে দিতে হবে। সবকিছু আলতো হাতে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বন্ধ করে পাঁচ মিনিট দমে রাখতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল গরম গরম গোলমরিচের ফুলকপি। রুটি, ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু পদ।