রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৮, ২০২৬, ০২:২৭ পিএম

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

ঈদের চাঁদ ও সম্ভাব্য তারিখ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। নাড়ির টানে ঘরমুখো মানুষের ঢল নেমেছে বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে। গত ১৭ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র ঈদের সরকারি ছুটি। সবার মনে এখন একটাই প্রশ্ন—কবে উদযাপিত হবে মুসলিম উম্মাহর এই বৃহত্তম ধর্মীয় উৎসব। 

এরই মধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন এবার আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী বুধবার ১৮ মার্চ সন্ধ্যায় দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তবে বৃহস্পতিবার ১৯ মার্চ সেখানে ঈদ পালিত হবে। 

তবে বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে শুক্রবার মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা প্রবল। ভৌগোলিক অবস্থান ও সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ২১ মার্চ শনিবার।জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। 

তবে আবহাওয়া ও জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে করে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ২১ মার্চ বাংলাদেশের মানুষ ঈদুল ফিতর উদযাপন করতে পারেন। ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন বিশেষ নজরদারি চালাচ্ছে। চাঁদ দেখার ওপর নির্ভর করেই শেষ হবে ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘ এক মাসের প্রতীক্ষা।