মে ১, ২০২৬, ১১:২০ এএম
মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (১ মে) জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদানের জন্য দুই প্রখ্যাত শায়খকে নির্ধারণ করা হয়েছে। মসজিদে হারাম ও নববি পরিচালনা কর্তৃপক্ষ আজ সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।আজ মসজিদে হারামে জুমার নামাজের খুতবা দেবেন এবং ইমামতি করবেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত।
১৯৫৬ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণকারী এই শায়খ ১৯৯৭ সাল থেকে মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ১৯৮২ সালে মাস্টার্স এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শায়খ উসামা বর্তমানে উম্মুল কুরা ইউনিভার্সিটির অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। উল্লেখ্য, তাঁর বাবা শায়খ আব্দুল্লাহও একসময় মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন।অন্যদিকে মদিনার মসজিদে নববিতে আজকের জুমার খুতবা ও ইমামতির দায়িত্ব পালন করবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি।
তিনি মসজিদে নববির প্রবীণ খতিব শায়খ আলী আল হুজায়ফির ছেলে। ড. আহমদ মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। ২০১৯ সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার প্রথম মসজিদ কিবলতাইন ও মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মসজিদে হারাম ও মসজিদে নববি কর্তৃপক্ষ জানিয়েছে, জুমার নামাজে মুসল্লিদের বাড়তি ভিড় সামাল দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শায়খদের সুললিত কণ্ঠে জুমার খুতবা শুনতে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে বিপুল সংখ্যক স্থানীয় ও আন্তর্জাতিক মুসল্লি জমায়েত হয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন