রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সুপার কাপের মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ১২:১০ পিএম

সুপার কাপের মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মাদ্রিদ ডার্বির সবটুকু রোমাঞ্চ ছড়িয়ে জাবি আলোনসোর শিষ্যরা শিরোপার লড়াইয়ে নাম লিখিয়েছে।

ম্যাচের শুরুতেই ফেদেরিকো ভালভার্দের অবিশ্বাস্য এক গোল এবং দ্বিতীয়ার্ধে রদ্রিগোর লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় ‘লস ব্লাঙ্কোস’দের।

ফলে আগামী রোববার ফাইনালে দেখা যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই ‘এল ক্লাসিকো’, যেখানে রিয়ালের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে।

জুড বেলিংহ্যামকে ফাউল করার ফলে পাওয়া ফ্রি-কিক থেকে প্রায় ৩০ গজ দূর থেকে এক বুলেট গতির শটে জাল কাঁপান এই উরুগুইয়ান তারকা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ভালভার্দের নিখুঁত পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তবে এর তিন মিনিট পরেই জুলিয়ানো সিমিওনের অ্যাসিস্ট থেকে গোল করে অ্যাতলেটিকোকে ম্যাচে ফেরান অ্যালেক্সান্ডার সোলরথ।

ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো। গ্রিজম্যানের দর্শনীয় ওভারহেড কিক এবং জুলিয়ান আলভারেজের শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় তাদের। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াও বেশ কিছু দুর্দান্ত সেভ করে দলের জয় নিশ্চিত করেন। এদিকে চোটের কারণে সৌদি সফরে না আসা কিলিয়ান এমবাপ্পে ফাইনালের আগে দলের সাথে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে, যা রিয়াল সমর্থকদের বাড়তি উৎসাহ দিচ্ছে।

রোববারের ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা, যারা অন্য সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে। সৌদি আরবের মাটিতে এই এল ক্লাসিকো ফাইনালকে ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ভালভার্দে ও রদ্রিগোর ছন্দময় ফুটবল কি রিয়ালকে আরও একটি সুপার কাপ শিরোপা এনে দিতে পারবে, না কি বার্সার আক্রমণভাগ শেষ হাসি হাসবে—তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।