রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আলজেরিয়াকে বিদায় করে শেষ চারে নাইজেরিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৪:৩৬ পিএম

আলজেরিয়াকে বিদায় করে শেষ চারে নাইজেরিয়া

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) হাইভোল্টেজ ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে নাইজেরিয়া। শনিবার রাতে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত এই ম্যাচে নাইজেরিয়ার দাপুটে ফুটবলের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। নাইজেরিয়ার হয়ে গোল দুটি করেন সময়ের সেরা স্ট্রাইকার ভিক্টর ওসিমেন ও আকোর আদামস।

মারাকেশের গ্র্যান্ড স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নাইজেরিয়ার দখলে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি সুপার ঈগলসরা।

তবে বিরতির ঠিক পরেই আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। ৪৭ মিনিটে ব্রুনো ওনিয়েমেচির নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে নাইজেরিয়াকে ১-০ গোলে লিড এনে দেন ভিক্টর ওসিমেন। চলতি টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল।

ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকোর আদামস। মাঝমাঠ থেকে ওসিমেনের বাড়ানো বল ধরে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানেকে কাটিয়ে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি। ম্যাচের শেষ দিকে ৮১ মিনিটে আদামসের আরেকটি হেড গোলপোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান আরও বাড়েনি।

পুরো ম্যাচে আলজেরিয়ার আক্রমণভাগ ছিল নিষ্প্রভ। বিশেষ করে দলের সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজ ছিলেন নিজের ছায়া হয়ে। ম্যাচের এক ঘণ্টা পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। উল্লেখ্য যে টুর্নামেন্ট শুরুর আগেই অবসরের ঘোষণা দেওয়া মাহরেজের আফকন ক্যারিয়ার এই হারের মধ্য দিয়ে শেষ হলো।

আগামী বুধবার সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে নাইজেরিয়া। চতুর্থবারের মতো আফকন শিরোপার স্বাদ পেতে হলে এবার শক্তিশালী স্বাগতিকদের বাধা টপকাতে হবে সুপার ঈগলসদের।