সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,

কাল দেশে ফিরছেন যুদ্ধে সৌদিতে আটকা পড়া মুশফিক

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০৯:০৪ পিএম

কাল দেশে ফিরছেন যুদ্ধে সৌদিতে আটকা পড়া মুশফিক

ফিরছেন মুশফিকুর রহিম

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে সৌদি আরবে আটকে পড়া জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আগামীকাল সোমবার দেশে ফিরছেন। ওমরাহ পালন শেষে গত শনিবার তার দেশে ফেরার কথা থাকলেও আকাশপথের নিরাপত্তা সংকটে তিনি জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন। 

আজ রবিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মুশফিকের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান যে তিনি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন যে ইতোমধ্যে মুশফিকুর রহিমের সঙ্গে তার কথা হয়েছে এবং ক্রিকেটার সুস্থ ও নিরাপদ আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার সকালেই একটি ফিরতি ফ্লাইটে মুশফিক ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 

এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুশফিকুর রহিম নিজের আটকে পড়ার বিষয়টি ভক্তদের জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেন যে ওমরাহ পালন শেষে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পর যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি মাঝপথ থেকে পুনরায় জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।মুশফিক আরও জানান যে জেদ্দা বিমানবন্দরে আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে তিনি অবস্থান করছেন এবং পরিস্থিতির অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

 তবে সরকারের উচ্চপর্যায়ের তৎপরতায় এখন তার ফেরার পথ সুগম হয়েছে। জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটার গত কয়েকদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন এবং বিসিবি তার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে যে বিঘ্ন ঘটেছে তা ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চলছে।