শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড স্কালোনির ২২ ফুটবলার প্রায় নিশ্চিত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৯:৫৭ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড স্কালোনির ২২ ফুটবলার প্রায় নিশ্চিত

প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা দল।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ মিশন শুরু হতে আর বেশি সময় বাকি নেই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ইতোমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চূড়ান্ত ২৬ সদস্যের দলের মধ্যে ২২ ফুটবলারের জায়গা প্রায় নিশ্চিত।

কোনো বড় চোট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না তৈরি হলে এই ২২ জনকেই দেখা যাবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে। এখন কোচ লিওনেল স্কালোনির সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বাকি ৪টি পজিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

গোলরক্ষক বিভাগে এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুল্লির থাকা একপ্রকার নিশ্চিত। তবে তৃতীয় গোলকিপারের জায়গার জন্য হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার পরিসংখ্যানে বেনিতেজ কিছুটা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

রক্ষণভাগে নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো নিশ্চিত তালিকায় আছেন। তবে পঞ্চম সেন্টার-ব্যাক হিসেবে কাকে রাখা হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এই পজিশনের জন্য মার্কোস সেঞ্চি ও ফাকুন্দো মেদিনার নাম আলোচনায় রয়েছে।মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গঞ্জালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাস ও থিয়াগো আলমাদা জায়গা করে নিয়েছেন।

আক্রমণভাগে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, জুলিয়ানো সিমিওনে ও হোসে লোপেসের থাকা নিশ্চিত বলে ধরা হচ্ছে।রক্ষণভাগের বাম প্রান্ত নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। অভিজ্ঞ মার্কোস আকুনিয়া ও গাব্রিয়েল রোহাসের মধ্যে যেকোনো একজন সুযোগ পেতে পারেন। এছাড়া বহুমুখী খেলোয়াড় হিসেবে ভ্যালেন্তিন বারকোকেও বিবেচনায় রাখা হয়েছে।

বাকি জায়গাগুলোর জন্য জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্টানতুয়োনো ও মাসিমো পেরোনে লড়াই করছেন। জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির নাম আলোচনায় থাকলেও নিষেধাজ্ঞার কারণে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা কমেছে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নিজেদের সেরা কম্বিনেশন সাজাচ্ছে।