বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৩:১১ পিএম

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই ইতোমধ্যে শেষ ৩২ বা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে তিনটি শক্তিশালী দল। স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর এবার এই তালিকায় নিজেদের নাম যুক্ত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ ‍‍`ই‍‍`-তে আইভরিকোস্টের বিপক্ষে মাঠে নেমে একটি নাটকীয় ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে এই গৌরব অর্জন করেছে জার্মানরা।টানা দুই ম্যাচে জয় পাওয়ায় জার্মানির বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ছয়ে।

এই পয়েন্ট দলটিকে গ্রুপ পর্বের বাধা টপকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ নিশ্চিত করেছে। জার্মানির আগে গ্রুপ ‍‍`এ‍‍` থেকে দুর্দান্ত খেলে পরবর্তী রাউন্ড অর্থাৎ নকআউট পর্ব নিশ্চিত করেছিল লাতিন দেশ মেক্সিকো। একইভাবে গ্রুপ ‍‍`ডি‍‍` থেকে নিজেদের আধিপত্য বজায় রেখে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র।

মেক্সিকো ও যুক্তরাষ্ট্র দুই দলই নিজেদের প্রথম দুটি ম্যাচে টানা জয় পেয়ে মাঠ ছেড়েছে। উল্লেখ্য, বিশ্বকাপের নতুন ৪৮ দলের এই বিশাল আসরে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি নকআউট পর্বে খেলার টিকিট পাবে। মোট ১২টি গ্রুপ থেকে সর্বমোট ২৪টি দল সরাসরি শেষ ৩২-এর মূল মঞ্চে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে।

এর বাইরে ছয়টি গ্রুপের মধ্যে পয়েন্ট ও গোল ব্যবধানে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দলও নকআউট পর্বে খেলার সুবর্ণ সুযোগ পাবে। আগামী ২৭ জুন চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের সব লড়াই শেষ হবে। এরপর আগামী ২৯ জুন থেকে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও উত্তেজনাকর শেষ ৩২-এর নকআউট ম্যাচগুলো মাঠে গড়াবে।