জুলাই ৬, ২০২৬, ০২:২৩ এএম
বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে আজ রাতে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। মেক্সিকো সিটির আইকনিক আজাতেকা স্টেডিয়ামে এই ম্যাচটি কেবল একটি জয়ের লড়াই নয়, বরং ব্রিটিশদের জন্য ইতিহাস বদলের চ্যালেঞ্জ। স্বাগতিকদের প্রবল আবেগ এবং প্রতিকূল পরিবেশের মোকাবিলা করতে হবে থমাস তুখেলের দলকে।
পুরো মেক্সিকো এখন ফুটবল জ্বরে কাঁপছে।
ম্যাচটি নিয়ে মেক্সিকোর সমর্থকদের মধ্যে যে উত্তেজনা, তা যেকোনো ফুটবলপ্রেমীকে মুগ্ধ করবে। স্টেডিয়ামের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মেক্সিকোর এই দল বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। নিজেদের মাঠে তারা গত ৮৮টি প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হেরেছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, ইংল্যান্ডের জন্য কাজটা কতটা কঠিন হতে যাচ্ছে। আজাতেকা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ২২ ফিট উঁচুতে অবস্থিত, যা ব্রিটিশ খেলোয়াড়দের জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা হবে।
ইংল্যান্ড তাদের শেষ ষোলোর লড়াই নিয়ে বেশ আত্মবিশ্বাসী। দলের কোচ থমাস তুখেল স্টেডিয়ামের পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এখানে পৌঁছানোর পর থেকেই মানুষের আবেগ ও উত্তেজনা অনুভব করা যাচ্ছে। এটি একটি আইকনিক স্টেডিয়াম এবং খেলোয়াড়রা এই মঞ্চের গুরুত্ব বুঝতে পারছে। ব্রিটিশদের জন্য আজাতেকা অবশ্য খুব একটা সুখকর জায়গা নয়। ১৯৮৬ বিশ্বকাপে এই মাঠেই আর্জেন্টিনার বিপক্ষে সেই বিখ্যাত `হ্যান্ড অব গড` গোলের ম্যাচে হেরেছিল ইংল্যান্ড।
এর আগে ১৯৭০ সালেও মেক্সিকোতে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রিটিশদের। সব মিলিয়ে ইতিহাস এবং বর্তমান ফর্মের এক দারুণ সংমিশ্রণ দেখা যাবে এই ম্যাচে। একদিকে হ্যারি কেন, বুকায়ো সাকা ও জুড বেলিংহামের মতো তারকায় ঠাসা ইংল্যান্ড, অন্যদিকে অপরাজেয় রক্ষণভাগ নিয়ে লড়তে প্রস্তুত মেক্সিকো। শেষ ষোলোর এই মহারণ কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন