অক্টোবর ১, ২০২৫, ০৩:১০ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাফ জানিয়ে দেন, সাকিবকে আর বাংলাদেশের জার্সিতে খেলতে দেওয়া হবে না। সব মিলিয়ে যখন এই তারকা ক্রিকেটারের সময়টা খারাপ যাচ্ছিল, ঠিক তখনই তার জন্য কানাডা থেকে বড় সুখবর এসেছে।
কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। বাংলাদেশি এই অলরাউন্ডারকে ফ্র্যাঞ্চাইজিটি আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে। আগামী ৮ অক্টোবর পর্দা উঠবে কানাডার সুপার সিক্সটি আসরের। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
সাকিব ছাড়াও মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে খেলতে দেখা যাবে জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইদের মতো তারকাদের। কানাডার এই লিগে বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকা ক্রিকেটার অংশ নিচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি ও সিকান্দার রাজারাও এই আসরে নাম লিখিয়েছেন। মূলত জাতীয় দলের বাইরে থাকায় সাকিব এখন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশি মনোযোগ দিচ্ছেন।
এক নজরে মন্ট্রিয়াল টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (আইকন), জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন