সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজ রাতে জর্ডানের মুখোমুখি বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১১:৩৪ এএম

আজ রাতে জর্ডানের মুখোমুখি বাংলাদেশ

ছবি - সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ‘এইচ’ গ্রুপে স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।বাছাইপর্বের মিশন শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।

সেখানে তারা সিরিয়াকে ২-০ গোলে এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩-০ গোলে পরাজিত করে। এই দুটি দাপুটে জয় নিয়েই আজ জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ।তবে কাজটা সহজ হবে না। গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শক্তিশালী চাইনিজ তাইপে। তিন দলের এই গ্রুপ থেকে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দলই চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। তাই প্রথম ম্যাচ থেকেই জয়ের জন্য ঝাঁপাতে হবে অর্পিতা বিশ্বাসদের।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ সাইফুল বারী টিটু বলেন, “বাছাইপর্বে আমাদের প্রতিপক্ষরা খুবই শক্তিশালী। প্রথমবারের মতো আমরা জর্ডানের বিপক্ষে খেলব। তবে আমার বিশ্বাস, মেয়েরা ভালো খেলা প্রদর্শন করবে এবং নিজেদের সেরাটা দিয়েই তারা স্বপ্ন পূরণ করবে।” তিনি আরও বলেন, সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের মতো এই দলটিও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বলে তিনি আশাবাদী।