অক্টোবর ২৯, ২০২৫, ০৭:২০ পিএম
বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়ে গেল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াই। ক্যানবেরায় অনুষ্ঠিত ম্যাচে বেরসিক বৃষ্টি হানা দেয় একাধিকবার। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও খেলা পুনরায় শুরু করা সম্ভব না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। খেলা বন্ধ হওয়ার আগে সফরকারী ভারত ৯ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করেছিল।
ম্যাচের শুরুতে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। মাঠের কিছু সমস্যার কারণে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর খেলা শুরু হয়। ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল দলকে দুর্দান্ত এক সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে দ্রুত রান উঠতে থাকে। তবে এই জুটিতে ভাঙন ধরান অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস। ১৪ বলে ১৯ রান করা অভিষেক শর্মাকে টিম ডেভিডের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি।
অভিষেকের বিদায়ের কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। বৃষ্টির কারণে আম্পায়াররা খেলা বন্ধ ঘোষণা করেন। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর বৃষ্টি থামলে মাঠ খেলার উপযোগী করা হয় এবং ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়। নির্ধারিত ২০ ওভারের বদলে ম্যাচটি ১৮ ওভারে নামিয়ে আনা হয়।
খেলা পুনরায় শুরু হলে শুবমান গিল ও নতুন ব্যাটার সূর্যকুমার যাদব দ্রুত গতিতে রান তুলতে থাকেন। ভারতের রান যখন দশ ওভারের আগেই প্রায় একশ ছুঁইছুঁই, ঠিক তখনই আবারও বৃষ্টি নামে। এবার বৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় খেলা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। মাঠ খেলার উপযোগী হওয়ার সম্ভাবনা কমে আসায় এবং সময় পেরিয়ে যাওয়ায় ম্যাচ রেফারি ও আম্পায়াররা শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। ফলে সিরিজের প্রথম ম্যাচটি কোনো ফলাফল ছাড়াই শেষ হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন