রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মোস্তাফিজ-রিশাদের বোলিং তোপে ১৪৯ রানে থামল উইন্ডিজ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৭:৫৯ পিএম

মোস্তাফিজ-রিশাদের বোলিং তোপে ১৪৯ রানে থামল উইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের বোলাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে বোলিং করতে নেমে শেষদিকে দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করেছে টাইগাররা। বিশেষ করে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহের পথে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে ১৪৯ রানেই আটকে দিয়েছে স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ১৫০ রান।

টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা বেশ ভালোই করেছিল। প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে তারা বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। ১১ ওভার শেষে তাদের রান ছিল ১ উইকেটে ১০৫। সেখান থেকে মনে হচ্ছিল ক্যারিবীয়রা সহজেই বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে।কিন্তু ম্যাচের চিত্র পাল্টে যায় ১২তম ওভারে। লেগ স্পিনার রিশাদ হোসেন আক্রমণে এসে পর পর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের ইনিংসে বড় ধাক্কা দেন। এই জোড়া আঘাতেই খেই হারিয়ে ফেলে শাই হোপের দল। এরপরই যেন ম্যাচে ফেরে বাংলাদেশ।

রিশাদের দেখানো পথে হাঁটেন অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান এবং তরুণ তানজিম হাসান সাকিব। তাদের নিয়ন্ত্রিত ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে ক্যারিবীয় ব্যাটাররা আর সেভাবে হাত খুলে খেলতে পারেননি। ১০৫ রানে ১ উইকেট থেকে পরের মাত্র ৪৪ রান তুলতেই তারা হারিয়ে ফেলে আরও ৮টি উইকেট। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৯ উইকেটে ১৪৯ রানেই থেমে যায়।

বাংলাদেশের বোলারদের এই অসাধারণ প্রত্যাবর্তনে জয়ের জন্য এখন ১৫০ রানের তুলনামূলক সহজ লক্ষ্য পেয়েছে লিটন দাসের দল। এই লক্ষ্য তাড়া করে সিরিজে সমতা ফেরাতে পারে কিনা টাইগাররা, সেটাই এখন দেখার বিষয়।