ডিসেম্বর ৬, ২০২৫, ১২:০০ পিএম
আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের জন্য সারাদেশের তাপমাত্রা কেমন থাকবে, সেই সংক্রান্ত পূর্বাভাস জানিয়েছে। সংস্থাটি বলছে, এই সময়ের মধ্যে মোট চার দিন রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে এক দিন তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পাশাপাশি ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামীকাল রবিবার, মঙ্গলবার এবং বুধবার আবহাওয়ার এমন পরিস্থিতি বিরাজ করবে বলে জানানো হয়েছে।তবে আগামী সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই পূর্বাভাস অনুযায়ী সারাদেশের শীতের তীব্রতা খুব বেশি পরিবর্তন না হয়ে স্থিতিশীল থাকতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন