মো: ফরহাদ হোসেন
ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:২০ এএম
ছবি-দিনাজপুর টিভি
ঘন কুয়াশা ও হিমেল বাতাসের প্রভাবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শীতের তীব্রতা বেড়েছে। সকাল থেকেই সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা।
তীব্র শীতের কারণে অনেক দিনমজুর কৃষি ও অন্যান্য মাঠের কাজে যেতে পারছেন না। ফলে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব মানুষের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা।
শীত নিবারণের জন্য উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
শীতের প্রভাবে সকালবেলার স্বাভাবিক জনজীবনও ব্যাহত হচ্ছে।
ঘন কুয়াশার কারণে মহাসড়কে দূরপাল্লার যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে শীতের এই পরিস্থিতিতে বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের জন্য জরুরি ভিত্তিতে শীতবস্ত্র ও সহায়তা কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, দ্রুত সহায়তা না এলে শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে।