বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে বরফগলা ঠান্ডাতেও মাঠে শ্রমজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২৬, ১১:০৫ পিএম

পঞ্চগড়ে বরফগলা ঠান্ডাতেও মাঠে শ্রমজীবী মানুষ

ছবি-দিনাজপুর টিভি

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে দুই দিন পর সূর্যের দেখা মিললেও মেলেনি কাঙ্ক্ষিত উত্তাপ। ঘন কুয়াশার চাদর আর উত্তর দিক থেকে আসা হিমশীতল বাতাসের দাপটে কাবু হয়ে পড়েছে জনজীবন। তবে পেটের দায়ে এই হাড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই মাঠে নেমেছেন হাজারো শ্রমজীবী মানুষ।

মঙ্গলবার দুপুরে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের পুটিমারী এলাকায় গিয়ে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য।

কনকনে ঠান্ডায় যখন সাধারণ মানুষ ঘরের কোণে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন, তখন আলু ক্ষেতে নিরলস কাজ করছেন বিনতী রানীর মতো কৃষি শ্রমিকরা। বিনতী রানী আক্ষেপ করে বলেন, "ঠান্ডায় বাড়িতে বসে আগুন তাপালে কি পেট ভরবে? কাজ না করলে পেটে ভাত জোটে না।

বরফের মতো ঠান্ডা মাটিতে কাজ করা আমাদের অভ্যাস হয়ে গেছে।সারাদিন এই হাড়ভাঙা খাটুনির বিনিময়ে মাত্র ৩০০ টাকা জোটে তাঁদের কপালে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ১২.৮ ডিগ্রি। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা মাত্র ১৭ ডিগ্রিতে আটকে থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

এদিকে শীতের তীব্রতায় পাল্টে গেছে হাট-বাজারের চিত্র। পঞ্চগড় বাজারের পান ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, আগে যেখানে রাত ২টা পর্যন্ত মানুষ থাকত, এখন রাত ৯টার পর বাজার প্রায় জনশূন্য হয়ে পড়ছে। দিনের বেলাতেও ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বেলা দেড়টার দিকে সূর্যের দেখা মিললেও কুয়াশার আস্তরণ ভেদ করে তা উত্তাপ ছড়াতে পারেনি।