বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহের পদধ্বনি: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:২১ পিএম

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহের পদধ্বনি: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ছবি-দিনাজপুর টিভি

উত্তরের হিমালয় কন্যা বলে খ্যাত পঞ্চগড় জেলায় তাপমাত্রার পারদ নামছেই। গত এক সপ্তাহের অধিক সময় ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তেঁতুলিয়ায়। আজ শনিবার সকালে তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, আর মাত্র দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলেই শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ।

উত্তরীয় হিম বাতাস বইতে শুরু করায় গত দশদিন ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে।

গত শুক্রবারও সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।তবে এই কয়েকদিন ধরে সকাল থেকে ঝলমলে রোদের দেখা মেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে আসার কারণে আগের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। এই কয়দিন আকাশে মেঘের আনাগোনা থাকায় সূর্যের প্রখরতা ছিল অনেকটাই কম। গত শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

জীতেন্দ্র নাথ রায় আরও জানান, দিনের বেশিরভাগ সময়ই কুয়াশার চাঁদরে ঢেকে থাকার কারণে সূর্যের আলো ভূ-পৃষ্ঠে কমে আসায় দিনের বেলাতেও হালকা শীত অনুভূত হচ্ছে। চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর পরই গ্রামের হাট-বাজারগুলো ফাঁকা হয়ে পড়ছে এবং মানুষ হয়ে পড়ছে ঘরমুখী। এদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে।৬৫ হাজার কম্বলের চাহিদা:

জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে ৮ হাজার ৬৪০টি কম্বল কিনে পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে।তিনি আরও বলেন, আরো ৬৫ হাজার মানুষকে কম্বল দেওয়া প্রয়োজন। প্রতি বছর দুই-তিনশ টাকা দামের কম্বল দেওয়া হয়।

এর মান এত খারাপ থাকে যে এক বছর ব্যবহারের পর তা পরের বছর ব্যবহারের উপযোগী থাকে না। কমপক্ষে এক হাজার টাকা দামের কম্বল দেওয়া দরকার, যাতে কয়েক বছর তারা ব্যবহার করতে পারে। এতে পরের বছর একই ব্যক্তিকে কম্বল দিতে হবে না। এ জন্য ৬৫ হাজার কম্বলের চাহিদা দিয়ে সাড়ে ছয় কোটি টাকা মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছে।