বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ,তাপমাত্রা রেকর্ড

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৪৩ এএম

পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ,তাপমাত্রা রেকর্ড

ছবি-দিনাজপুর টিভি

উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। রাত ও সকালের শীত তীব্রভাবে জেঁকে বসেছে। বুধবার কুয়াশার পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ায় শীতের তীব্রতাও অব্যাহত রয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৮টার মধ্যে সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উষ্ণতা ছড়াতে না পারায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত তীব্র শীত অনুভূত হয়।

এরপর সূর্যের তাপ বাড়ার সাথে সাথে শীত কমে দিনভর গরম অনুভূত হয়। তবে বেলা গড়িয়ে বিকেল হলে আবারও তাপমাত্রা কমতে থাকে এবং শীতের তীব্রতা শুরু হয়। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। বর্তমানে দিন এবং রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে এবং জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।তেঁতুলিয়া আবহাওয়া কার্যালয় জানিয়েছে, বর্তমানে বাতাসের আদ্রতা ৭১ থেকে ৯৯ শতাংশ। জেলায় ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা হিমেল বাতাস বয়ে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এই তীব্র শীতে পথচারী ও কৃষকরা কষ্ট পাচ্ছেন।