রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে অতি ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ, বেড়েছে শীতের তীব্রতা

আবু সালেহ মো রায়হান

জানুয়ারি ৭, ২০২৬, ১০:২৩ এএম

পঞ্চগড়ে অতি ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ, বেড়েছে শীতের তীব্রতা

ছবি-দিনাজপুর টিভি

হিমালয় কন্যা পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। আজ বুধবার ৭ জানুয়ারি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদর আর হিমালয় থেকে আসা হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে এই জনপদ। জেলায় এখন মাঝারি শৈত্যপ্রবাহ চলছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোটা জেলা ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায়। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। আজ ভোর থেকে কুয়াশার তীব্রতা আরও বাড়লে মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

সামান্য দূরত্বেও পথ দেখা দুষ্কর হয়ে পড়েছে। দুইদিন পর মঙ্গলবার বিকেলে সূর্যের দেখা মিললেও কুয়াশার কারণে তাতে কোনো উত্তাপ ছিল না।

তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেক শ্রমিক কাজে বের হয়েও ঠান্ডার দাপটে বাসায় ফিরে আসছেন। কৃষি খাতেও দেখা দিয়েছে চরম উদ্বেগ। বোরো ধানের বীজতলা এবং আলু ও মরিচ ক্ষেতে কোল্ড ইনজুরি বা রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে আজ বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। উত্তর দিক থেকে ঘণ্টায় ৫-৬ কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যাচ্ছে। দিন এবং রাতের তাপমাত্রা কাছাকাছি হওয়ায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।